বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান; দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের (দ্য প্রেসিডেন্ট অফিস) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে তারেক রহমান ও তাঁর সহধর্মিণীর সঙ্গে প্রেসিডেন্ট মুইজ্জুর একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে হাইকমিশন।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী
এর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

