রবিবার, ৮ নভেম্বর ২০২৬

শিক্ষা খাতের অনিয়ম তদন্ত ও বই বিতরণে তাগিদ সংসদীয় কমিটির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা দ্রুত পরিশোধ, বেসরকারি শিক্ষকদের নিয়োগ ও নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, এমপি; মোছাঃ তাহসিনা রুশদীর, এমপি; মো. সেলিমুজ্জামান মোল্যা, এমপি; মো. জাহান্দার আলী মিয়া, এমপি; বীথিকা বিনতে হোসাইন, এমপি; মো. মুজিবুর রহমান, এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ, এমপি অংশ নেন।

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়।

অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দ্রুত পরিশোধের সুপারিশ

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা পাওয়ার জন্য অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।

হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ দেওয়ার সুপারিশ করে কমিটি।

ডিসেম্বরের মধ্যে নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ করার তথ্য

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কমিটিকে অবহিত করে।

চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে কমিটিকে জানানো হয়।

২০২৭ সালের পাঠ্যবই ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে কমিটিকে অবহিত করা হয়।

এ সময় কমিটি ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম তদন্তের সিদ্ধান্ত

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে অনুসন্ধান ও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান কমিটিকে জানানো হয়।

নিবন্ধনধারী শিক্ষকদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন এবং ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়।

এ সময় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।

কারিগরি শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপের সুপারিশ

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বৈঠকে সিনিয়র শিক্ষা সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট অধিদপ্তর ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন