অক্টোবরে ডেঙ্গু রোগী ৪৪ হাজার ছাড়াল, চলতি বছর প্রাণহানি ৩৮৪
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২৪৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, চলতি বছরের মাসভিত্তিক হিসাবে অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বোচ্চ। এ মাসে এখন পর্যন্ত ৪৪ হাজার ৩২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সেপ্টেম্বরে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৩৯ জন।
ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০৫ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রামে ২১৭ জন, খুলনায় ২৯৭ জন, ময়মনসিংহে ১৫৫ জন, রাজশাহীতে ১৭৪ জন, রংপুরে ৮২ জন এবং সিলেটে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে হাসপাতালে ভর্তি ১ লাখ ২৩ হাজারের বেশি
বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ২ হাজার ২৬৮ জন।
২০২৩ সালে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর এ রোগে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। এ সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

