মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বাউফলে মা ইলিশ রক্ষার অভিযানে ৬ জেলের কারাদণ্ড

তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ কেজি ইলিশ উদ্ধার, এতিমখানায় বিতরণ

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ছয় জেলেকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের কাছ থেকে পাঁচ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

কারাদণ্ড পাওয়া ছয় জেলে

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বাউফলের কেশবপুর ইউনিয়নের আবদুল আজিজের ছেলে বেল্লাল আকন (৪২), সুলতানের ছেলে পারভেজ (২৮), নাসিরের ছেলে শাকিল (২০), কাদেরের ছেলে ইমরান (২৮), কাশেম হাওলাদারের ছেলে কালাম (৪৫) এবং সুলতান মৃধার ছেলে রিপন মৃধা (৩৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের এ সাজা দেন। অভিযানে নেতৃত্ব দেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। এ সময় পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ বাসসকে বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র সুরক্ষায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুলও বাসসকে বলেন, মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে কাউকে ছাড় দেওয়া হবে না।

মৎস্যসম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন