মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে কয়েক কিলোমিটার যানজট; সেপ্টেম্বরের বকেয়া বেতনও দাবি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধি ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে বিক্ষোভ

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে আন্দোলন শুরু করেন। পরে মিছিল নিয়ে তাঁরা কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। পরে আশপাশের কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এরপর শ্রমিকেরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বকেয়া বেতন ও বেতন-ভাতা বৃদ্ধির দাবি

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, এসেনশিয়াল ক্লোথিংয়ের শ্রমিকেরা প্রথমে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

একপর্যায়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও দাবি আদায়ের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টা

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা বিক্ষোভরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন, যাতে তাঁরা কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন। এ বিষয়ে তাঁদের সতর্ক করা হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন