বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করছে সরকার, নাম জমা দিল মালিকপক্ষ

চার সদস্যের বোর্ডের গেজেট প্রকাশের প্রস্তুতি, পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা

বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম আইন অনুযায়ী চার সদস্যের এ বোর্ডের গেজেট শিগগিরই প্রকাশ করা হবে। এরই মধ্যে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন মালিক প্রতিনিধি হিসেবে নাম জমা দিয়েছে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলও শ্রমিক প্রতিনিধি হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ অক্টোবর মালিক প্রতিনিধি মনোনয়নের জন্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং শ্রমিক প্রতিনিধি মনোনয়নের জন্য শ্রমিক দলের নেতাদের কাছে চিঠি দিয়ে নাম চাওয়া হয়। দ্রুত নাম পাঠাতে বলা হলেও রোববার পর্যন্ত মন্ত্রণালয় নাম পায়নি বলে তিনি জানান।

তবে সোমবার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান জানান, ফেডারেশনের পক্ষ থেকে পোশাকশিল্পের মজুরি বোর্ডের জন্য তিনজন মালিক প্রতিনিধির নাম এবং সব শিল্পের জন্য স্থায়ী প্রতিনিধির নাম জমা দেওয়া হয়েছে।

নাম পেলেই বোর্ড গঠন, বললেন মন্ত্রী

মজুরি বোর্ড কবে গঠন করা হতে পারে—এমন প্রশ্নের জবাবে সচিব আব্দুর রহমান তরফদার বলেন, প্রতিনিধিদের নাম পাওয়ার পরপরই বোর্ড গঠন করা হবে।

এ সময় পাশে থাকা শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিষয়টি জানতে চাইলে সচিব তাঁকে বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পর্কে জানান। মন্ত্রী বলেন, “আমরা তো রেডি, নাম আসুক।”

পাশে থাকা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, সোমবারের মধ্যে নাম পাওয়া গেলে পরদিনই বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া সম্ভব।

চার সদস্য নিয়ে গঠিত হবে বোর্ড

নিম্নতম মজুরি বোর্ডের সদস্য সচিব রাইসা আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রম আইনের ১৩৮ ধারা অনুযায়ী একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন মালিক প্রতিনিধি ও একজন শ্রমিক প্রতিনিধি নিয়ে মজুরি বোর্ড গঠিত হবে। এই চারজনই বোর্ডের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, তৈরি পোশাক খাতসহ কোনো নির্দিষ্ট শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের সময় সংশ্লিষ্ট খাতের একজন মালিক প্রতিনিধি ও একজন শ্রমিক প্রতিনিধি বোর্ডের সঙ্গে যুক্ত হবেন।

বর্তমানে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

শ্রমিক প্রতিনিধি হিসেবে তিনজনের নাম প্রস্তাব

মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি মনোনয়নের জন্য শ্রম অধিদপ্তর থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির কাছে চিঠি পাঠানো হয়েছিল।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন রোববার সন্ধ্যায় জানান, তাঁরা শ্রমিক প্রতিনিধি হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছেন। তাঁরা হলেন—জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম। তিনজনই সংগঠনটির কেন্দ্রীয় নেতা বলে জানান তিনি।

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলন

সরকারি পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে দাবি শ্রমিকদের।

কয়েক দিন আগে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের ভাষ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা ‘অসম্ভব’ হয়ে পড়েছে।

শ্রম আইনের ১৩৯ ধারা অনুযায়ী, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ওই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারে। নির্দিষ্ট কোনো শিল্পের মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বোর্ডের সঙ্গে কাজ করেন।

মজুরি বোর্ড ও শ্রম পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বৈঠক

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, সভায় শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন, শ্রম বিধিমালা প্রণয়ন এবং সাম্প্রতিক শ্রম পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে পোশাক খাতের বর্তমান ন্যূনতম মজুরি কাঠামোর মেয়াদ শেষ হবে আগামী মাসে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। ওই মজুরি কাঠামোয় সাতটির পরিবর্তে পাঁচটি গ্রেড নির্ধারণ করা হয়েছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন