সপ্তাহজুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের এ জেলায়
হিমালয়কন্যা পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে উত্তরের এ জেলায়। ভোর ও রাতে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার উপস্থিতিতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ২.৫ ডিগ্রি
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করলেও সামগ্রিকভাবে কমতির প্রবণতা দেখা যাচ্ছে।
তাপমাত্রার ধারাবাহিক চিত্র তুলে ধরলে দেখা যায়, সোমবার (২৬ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৫ অক্টোবর) ছিল ১৭ ডিগ্রি, শনিবার (২৪ অক্টোবর) ১৭ দশমিক ৭ ডিগ্রি, শুক্রবার (২৩ অক্টোবর) ১৮ দশমিক ৫ ডিগ্রি এবং বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবরের তুলনায় ২৮ অক্টোবর তাপমাত্রা কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতায় জেলায় শীতের অনুভূতি বাড়ছে।
দিনে রোদ, সন্ধ্যার পর বাড়ে ঠান্ডা
পঞ্চগড়ে ভোরেই সূর্যের দেখা মিলছে। দিনের বেশির ভাগ সময় থাকছে ঝলমলে রোদ। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবহাওয়ার চিত্র বদলে যাচ্ছে। বাড়তে শুরু করছে ঠান্ডার অনুভূতি। রাত গভীর হওয়ার সঙ্গে হিমেল বাতাসের তীব্রতা বাড়ছে, যা ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে।
ভোরে খোলা জায়গা এবং সড়ক-মহাসড়কে কুয়াশার উপস্থিতিও দেখা যাচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপ থাকায় শীতের অনুভূতি তুলনামূলক কম থাকলেও রাতে ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।
রাত ও ভোরে কুয়াশার প্রবণতা
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতা থাকায় শীতের অনুভূতিও বাড়ছে। দিনের বেলায় সূর্যের তাপ থাকায় তখন ঠান্ডার অনুভূতি তুলনামূলক কম থাকে।

