বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৪৯

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু ১০৫ শিশুর, হাম ও উপসর্গে আক্রান্ত আড়াই লাখের বেশি

দেশে হামের প্রকোপে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এক দিনে ঢাকা বিভাগে ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মারা যাওয়া ১ হাজার ২৪৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। বাকি ১ হাজার ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এক দিনে নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫ জন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫০ হাজার ৫২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৬৯৫ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন