বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

চলতি বছর প্রাণহানি ৪১৫, অক্টোবরে মৃত্যু ১৭০ জনের; হাসপাতালে ভর্তি ছাড়াল ১ লাখ ৩২ হাজার

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৭০ জন।

ঢাকা ও চট্টগ্রামে দুইজন করে মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর হাসপাতালে ভর্তি ১ লাখ ৩২ হাজারের বেশি

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।

২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছর এ রোগে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন