শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান আইসিটি মন্ত্রীর

টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব, আইটিইউ কাউন্সিল নির্বাচনে সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিশেষ করে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের (Susan Ryle) সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রযুক্তি খাতে অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্ব

মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করা সম্ভব।

আইটিইউ কাউন্সিল নির্বাচনে সমর্থনের জন্য ধন্যবাদ

মতবিনিময়কালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ২০২৬ সালের নভেম্বরে দোহায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করায় ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আশাবাদ

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন