ডিজিটাল ডিজাইন ও কনটেন্ট তৈরির জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা (Canva) প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমেজ জেনারেশন মডেল ‘Canva Craft’ উন্মোচন করেছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা লিখিত নির্দেশনা দিয়ে উন্নত মানের ছবি, পোস্টার, বিজ্ঞাপনসহ বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যানভার নিজস্ব গবেষক দলের তৈরি এই মডেল বাজারে গুগল, ওপেনএআই, বাইটড্যান্স ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই ইমেজ জেনারেশন মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘Canva Craft’ মূলত দুটি ধাপে কাজ করে। প্রথম ধাপে ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা বিশ্লেষণ করে ছবির বিভিন্ন উপাদানের অবস্থান, আকার, পারস্পরিক সম্পর্ক, দৃশ্যমান গুরুত্ব এবং লেখার বিন্যাস নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপে সেই পরিকল্পনার ভিত্তিতে চূড়ান্ত ছবি তৈরি করা হয়।
ক্যানভার দাবি, এই পদ্ধতিতে ছবির বিভিন্ন উপাদান আরও নির্ভুলভাবে উপস্থাপন করা সম্ভব। বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবিতে লেখার অস্পষ্টতা ও বিন্যাসগত ত্রুটি কমানোর ক্ষেত্রে নতুন মডেলটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
‘Canva Craft’ সর্বোচ্চ ২কে (2K) রেজল্যুশনে ছবি তৈরি করতে সক্ষম। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিজ্ঞাপন, প্রেজেন্টেশন ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ৩০ ধরনের অ্যাসপেক্ট রেশিও সমর্থন করে।
নতুন মডেলটির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো, সম্পূর্ণ ডিজাইন পরিবর্তন না করেই ছবির নির্দিষ্ট অংশ সম্পাদনার সুবিধা। অর্থাৎ কোনো ছবির লেখা, রঙ কিংবা নির্দিষ্ট উপাদান পরিবর্তনের প্রয়োজন হলে অন্য অংশগুলো অপরিবর্তিত রেখে সংশোধন করা যাবে।
ক্যানভা জানিয়েছে, প্রচলিত আলোকচিত্রের পরিবর্তে প্রতিষ্ঠানটির ডিজাইন লাইব্রেরিতে থাকা মানুষের তৈরি বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব টেমপ্লেটের মধ্যে রয়েছে পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক, মেনু ও টাইপোগ্রাফিনির্ভর ডিজাইন।
এর ফলে ‘Canva Craft’ দিয়ে তৈরি ছবিকে প্রতিষ্ঠানটির ‘Canva Magic’ প্রযুক্তির মাধ্যমে পৃথক লেয়ারসমৃদ্ধ সম্পাদনাযোগ্য ডিজাইনে রূপান্তর করা সম্ভব হবে। এতে গ্রাফিক ডিজাইনার ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ হতে পারে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন মডেলটি ইতোমধ্যে ক্যানভার ‘Dream Lab’ বিভাগে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি Canva API-এর মাধ্যমেও এটি ব্যবহারের সুযোগ থাকবে।
এ ছাড়া ভবিষ্যতে মডেল কনটেক্সট প্রটোকল (MCP) প্রযুক্তির মাধ্যমে চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মতো তৃতীয় পক্ষের এআই চ্যাটবটেও ‘Canva Craft’ ব্যবহারের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ক্যানভা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মিডিয়া জেনারেশন প্রতিষ্ঠান লিওনার্দো ডট এআই (Leonardo.ai) অধিগ্রহণ করে। নতুন ইমেজ জেনারেশন মডেলটি তৈরিতে লিওনার্দোর গবেষকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে আরও দ্রুত এবং তুলনামূলক কম খরচে ছবি তৈরির লক্ষ্যে ‘Craftfast’ ও ‘Craft-ultrafast’ নামে নতুন দুটি সংস্করণ তৈরির কাজ করছে ক্যানভা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংস্করণ দুটি শিগগিরই উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের মতে, নিজস্ব এআই মডেল চালুর ফলে তৃতীয় পক্ষের প্রযুক্তির ওপর ক্যানভার নির্ভরতা কমতে পারে। একই সঙ্গে ছবি তৈরির মান, গতি ও পরিচালন ব্যয়ের ওপর প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ক্যানভার বার্ষিক আয় ৪০০ কোটি মার্কিন ডলারে পৌঁছানোর পথে ছিল। তবে ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর পর বহিরাগত বিশ্লেষকদের হিসাবে প্রতিষ্ঠানটির মূল্যায়ন প্রায় ৪ হাজার ২০০ কোটি ডলার থেকে ৩ হাজার ৫০০ কোটি ডলারে নেমে এসেছে।
এমন পরিস্থিতিতে নিজস্ব এআই ইমেজ জেনারেশন প্রযুক্তি উন্মোচনকে ডিজিটাল ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ক্যানভার অবস্থান শক্তিশালী করার গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

