শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এফডিআইয়ের বাইরে বিকল্প অর্থায়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা

সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও জাপান। এ ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং উপ-অর্থমন্ত্রী মিমুরা আতসুশির দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং বিদ্যমান সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে জাপানের সহযোগিতার সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নতুন নতুন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন খাতে অর্থায়ন করে আসছে। পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ ও নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের অর্থায়নে একাধিক বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প চলমান রয়েছে। দুই দেশের সাম্প্রতিক আলোচনায় এ সহযোগিতাকে আরও বিস্তৃত করার পাশাপাশি প্রচলিত এফডিআইয়ের বাইরে অর্থায়নের নতুন সুযোগ অনুসন্ধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন