বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

২২ ক্যারেটে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

টানা চার দফায় দাম কমার পর দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দরে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, দেশের সোনার বাজার মূলত বিশ্ববাজারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও সমন্বয় করে দাম বাড়ানো হয়, আর কমলে দাম কমানো হয়।

শাহীন আরও বলেন, কয়েক দিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও দাম কমানো হয়েছিল। এখন আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দরে সোনার দাম কত

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৯ হাজার ১২৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

সোনার অন্যান্য মানের নতুন দামও বাড়ানো হয়েছে।

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

নতুন দর কার্যকর হওয়ার আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দুই সপ্তাহে চার দফায় কমেছিল দাম

সোনার দাম বাড়ানোর আগে দুই সপ্তাহের মধ্যে চার দফায় ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়েছিল বাজুস।

এর মধ্যে গত ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর ৩ হাজার ৩২৪ টাকা দাম কমানো হয়েছিল।

এর আগে গত ৯ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে অল্প সময়ের ব্যবধানে দেশের বাজারেও সোনার দামে একাধিকবার পরিবর্তন এসেছে।

বিশ্ববাজারে সোনার দামে ওঠানামা

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে ওঠানামা চলছে। গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্টে পৌঁছায়। পরে তা ৫ হাজার ৬০০ ডলারও অতিক্রম করে।

এরপর আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করতে থাকে। সাম্প্রতিক সময়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে আসে।

মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও বুধবার আবার কমেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৩২ ডলার ৫ সেন্ট। আগের দিনের তুলনায় দাম কমেছে ২৯ ডলার ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ।

গত ২৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমানোর সময় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৯৫ ডলার ৮৮ সেন্ট।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন