বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ জন

চলতি বছর মৃত্যু বেড়ে ৩৮৯, অক্টোবরে প্রাণ গেছে ১৪৪ জনের

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৪৪ জন।

ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৪২ জন ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৮৪ জন, রাজশাহীতে ২৪৬ জন, চট্টগ্রামে ২৪০ জন, বরিশালে ২৩২ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেটে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে হাসপাতালে ভর্তি ১ লাখ ২৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন