শেখ হাসিনাকে দায়ী করে ডা. শফিকুর রহমানের অভিযোগ, বিদেশে অবস্থান করেও সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি অভিযোগ করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়েও তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াতের আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।”
সরকারের দ্রুত পদক্ষেপের দাবি
ঘটনার বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরও লেখেন, “সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম…”
তবে যুক্তরাষ্ট্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কারা জড়িত এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে পোস্টে বিস্তারিত উল্লেখ করেননি ডা. শফিকুর রহমান।

