বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, তিস্তা প্রকল্প, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। একই সঙ্গে আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী নদীব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। তাই অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মতবিনিময় হয়। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্যোগ এবং নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

কৃষি খাতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও কথা বলেন দুই পক্ষের প্রতিনিধিরা। এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, গণতন্ত্র সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী শুর্দ শুর্দসমা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন