বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিক্ষকদের এআই ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান শিক্ষামন্ত্রীর

পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীকেও প্রশ্ন করার সুযোগ দিতে হবে; এসএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার পরিকল্পনা

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান করতে শিক্ষকদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে গভীর জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আধুনিক শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে অনেক দক্ষ। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে।

আজ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ‘৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের প্রশ্ন করার পরিবেশ তৈরির আহ্বান

নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘যে শিক্ষার্থী পেছনের বেঞ্চে বসে থাকে এবং প্রশ্ন করার সাহস পায় না, তাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়াই একজন আদর্শ শিক্ষকের প্রধান দায়িত্ব।’

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়া নয়, বরং তাদের চিন্তা করার, প্রশ্ন করার এবং নিজেদের মত প্রকাশের সুযোগ তৈরি করাও শিক্ষকদের দায়িত্ব। শিক্ষার্থীদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে পাঠদান নিশ্চিত করতে হবে।

শিক্ষায় গবেষণা ও আধুনিকায়নে গুরুত্ব

শিক্ষা ও শিক্ষকমণ্ডলির সার্বিক উন্নয়নে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আগামীর আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে দল-মতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষককে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মো. কেরামত আলী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসিম মো. মেজবাহুল হক।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৬১৩ জন কর্মকর্তা আট দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন।

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার পরিকল্পনা

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একটি মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।

মন্ত্রী আরও জানান, পুনঃপরীক্ষাতেও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষাধারায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে খান একাডেমির শিক্ষা সহায়তা কার্যক্রম

পরে শিক্ষামন্ত্রী বগুড়া, নেত্রকোনা ও কক্সবাজার জেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ‘খান একাডেমি, বাংলাদেশ’-এর শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন