বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

৫০০ উপজেলায় কমিউনিটি মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা

প্রাথমিকভাবে ২০ উপজেলায় পাইলট প্রকল্প, ধাপে ধাপে দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ; দক্ষ জনবল ও সমন্বিত সেবাব্যবস্থার ওপর গুরুত্ব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করা হবে। পরে ধাপে ধাপে দেশের ৫০০টি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত ‘সামাজিক মানসিক স্বাস্থ্য: অন্তর্ভুক্তিমূলক সমাজকল্যাণের সোপান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঁচল ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি), লিডোসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান প্রমুখ।

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য এখন বিশ্বজুড়েই একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। যুদ্ধ-সংঘাত, দ্রুত পরিবর্তনশীল জীবনযাপন, একাকীত্ব এবং অতিরিক্ত ডিজিটাল আসক্তি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোর-কিশোরীরা এ সমস্যার বড় শিকার।

তিনি বলেন, প্রযুক্তির যুগে মানুষকে আপাতদৃষ্টিতে পরস্পরের সঙ্গে যুক্ত মনে হলেও বাস্তবে অনেকেই ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক যোগাযোগ, পারস্পরিক সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা জরুরি।

উপজেলা পর্যায়ে সেবা পৌঁছানোর উদ্যোগ

ড. এম এ মুহিত বলেন, ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং পাবনার মানসিক হাসপাতালের সেবাকে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্য নিয়ে কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প সাজানো হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সেবা নিশ্চিত করতে দক্ষ জনবলের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ।

এ সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তাঁর মতে, শুধু অবকাঠামো নির্মাণ কিংবা দামি যন্ত্রপাতি কেনার মাধ্যমে স্বাস্থ্য খাতের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়; সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ও দক্ষ জনবলও থাকতে হবে।

ভবন ও যন্ত্রপাতিকেন্দ্রিক উন্নয়ন থেকে বেরিয়ে আসার আহ্বান

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পকে শুধু ইট-কাঠ-পাথরের বড় ভবন নির্মাণ কিংবা কোটি টাকার যন্ত্রপাতি কেনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ভবন ও সরঞ্জাম থাকলেও প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকলে প্রত্যাশিত সেবা নিশ্চিত করা যায় না।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি সেবার মান, জনবলের দক্ষতা এবং মানুষের কাছে সেবা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

মানবিক মর্যাদা ও অধিকার রক্ষার ওপর গুরুত্ব

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানুষের মর্যাদা বা ‘হিউম্যান ডিগনিটি’ রক্ষা করা যেকোনো সমাজ ও রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। অতীতে মানুষের মর্যাদাহানি ও অধিকার লঙ্ঘনের প্রেক্ষাপট থেকেই ৫ আগস্টের মতো গণপ্রতিরোধের জন্ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, মানবিক মর্যাদা বজায় না থাকলে সমাজে যেকোনো সময় নিয়ন্ত্রণহীন বিস্ফোরণ ঘটতে পারে। দেশ এমন পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না।

বহু মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন

ড. এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্য শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক এবং আইন মন্ত্রণালয়েরও সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন।

মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের মানবাধিকার রক্ষা, দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং তাঁদের ঘিরে থাকা সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ জন্য জোরালো নীতিনির্ধারণী পর্যায়ের প্রচার-অ্যাডভোকেসি এবং কমিউনিটিভিত্তিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, মানসিক স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও সহজলভ্য করতে স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক সহায়তা, অধিকার সুরক্ষা এবং পুনর্বাসনের ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন