বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডিম উৎপাদন ও রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডিম রপ্তানির সক্ষমতা অর্জনে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘Protein That Powers and Protects’—অর্থাৎ ‘প্রোটিন, যা শক্তি দেয় ও সুরক্ষা করে’।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাংলাদেশের হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে, যা দেশের জন্য ইতিবাচক অগ্রগতি। মানসম্মত পণ্য উৎপাদন করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ডিম রপ্তানি করা সম্ভব হবে।

পোলট্রি খাতের উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো খাদ্য বা ফিডের দাম। উৎপাদন খরচ কমাতে ফিডের দাম সহনীয় পর্যায়ে রাখা জরুরি। পাশাপাশি ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ডিমের পুষ্টিগুণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কম খরচে প্রোটিন পাওয়ার অন্যতম উৎস ডিম। এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

পোলট্রি খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়লে গ্রামীণ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালনের সুযোগ ও উৎসাহ তৈরি করা গেলে নারীরা পরিবারের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি ডিম বিক্রি করে আয় করতে পারবেন। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নারীদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব হবে।

পোলট্রি খামারের বিদ্যুৎ ব্যয় কমানোর বিষয়েও সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ জন্য খামারগুলোকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার সম্ভাবনা নিয়ে কাজ করার কথা জানান প্রতিমন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমান এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোহা. রেজাউল আমিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয় এবং বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন