সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, ক্ষমতাসীন বিএনপির নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটের মাধ্যমে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর জেলা শহরের পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সভায় এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে জেলা এনসিপি এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। কিন্তু ওই দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও একটি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছে। তার অভিযোগ, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে এবং সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি।
নাহিদ ইসলাম বলেন, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। তার দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ক্ষমতায় এসে বিএনপি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে সেই সম্ভাবনা নষ্ট করেছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেও বিএনপি সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
শরীয়তপুর বার নির্বাচনে কাউকে মনোনয়নপত্র তুলতে না দিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগও করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি দেশপ্রেমিক ও এলাকার উন্নয়নে আগ্রহীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, স্বৈরাচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
নাগরিক সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করায় আমরা আশা করেছিলাম, দলটি জনগণের সরকার হিসেবে কাজ করবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়োগ ও সারের ডিলার নিয়োগে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।
সারজিস আলমের অভিযোগ, সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয় এবং সংসদ সদস্যদের সন্তান ও আত্মীয়স্বজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি জনগণের সরকার না হয়ে দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা এনসিপির আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মো. হোসাইন এবং জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।
একই দিন মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা এনসিপি আয়োজিত আরেকটি নাগরিক সভায় নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পাদনে ভূমিকা রাখা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের বিষয়টি এখানে প্রশ্নের মুখে পড়েছে। এ ঘটনাকে খলিলুর রহমানের ব্যর্থতা উল্লেখ করে এর দায় তাকে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না।

