অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় দুদিনব্যাপী পর্যটন কার্নিভাল ২৩ ও ২৪ অক্টোবর

সূর্যোদয় ও সূর্যাস্তের অপার সৌন্দর্যের জন্য খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের আকৃষ্ট করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। দীর্ঘ বিরতির পর কুয়াকাটায় আবারও আয়োজিত হচ্ছে এ বীচ কার্নিভাল।

কার্নিভাল আয়োজনকে সামনে রেখে কুয়াকাটাকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

সভায় পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বরিশাল বিভাগীয় ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) অর্নিবান চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এ অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতেই এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে। কার্নিভালকে ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় প্রস্তুতির কাজ চলছে।

দুদিনব্যাপী এ আয়োজনে থাকছে বীচ ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ উৎসব, পুঁথি পাঠসহ বিভিন্ন কর্মসূচি। এছাড়া প্রি-ইভেন্টসহ স্থানীয় পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও পর্যটনকে কেন্দ্র করে নানা আয়োজন থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে কুয়াকাটায় বীচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় নয় বছর পর এবার নতুন করে এ আয়োজন হতে যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, কার্নিভালের মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আগ্রহ বাড়বে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন