অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ডের বিশেষ চুক্তি ছাড়লেন ব্রেসওয়েল

৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ কাজে লাগাতে নিউজিল্যান্ড ক্রিকেটের বিশেষ চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ২০২৬-২৭ মৌসুমে তিনি বিগ ব্যাশে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ব্রেসওয়েলের জায়গায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটার নিক কেলি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের চুক্তিতে অন্তর্ভুক্ত হলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কেলির। এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৫টি আন্তর্জাতিক ম্যাচ—৮টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। এর মধ্যে দুটি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন তিনি।

সম্প্রতি লিসেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছেন কেলি। সব সংস্করণ মিলিয়ে সেখানে তার ব্যাট থেকে এসেছে ৯৫০ রান। এর মধ্যে মেট্রো ব্যাংক ওয়ান ডে কাপের ফাইনালে করা সেঞ্চুরিটি ছিল তার লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ঘরোয়া ক্রিকেটে কেলির ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তার মতে, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল হিসেবেই ক্যারিয়ারের এই পর্যায়ে এসে প্রথম কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন কেলি।

অন্যদিকে, চুক্তির ধরন পরিবর্তন করলেও নিউজিল্যান্ডের হয়ে খেলার বিষয়ে নিজের প্রতিশ্রুতি অটুট থাকার কথা জানিয়েছেন ব্রেসওয়েল। ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন