৩ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানের পরাজয়ে কোনো পদক ছাড়াই আসর শেষ করেছে লিটন কুমার দাসের দল।
শনিবার জাপানের নিশিনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। শুরুতে বাংলাদেশের বোলাররা দারুণ চাপ তৈরি করলেও থারিন্দু রত্মায়েকের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা।
মাত্র ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন রত্মায়েক। অধিনায়ক শাহান আরচাগের সঙ্গে তার ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেয়। আরচাগে করেন ৩৩ রান।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানেই সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাসের উইকেট হারায় দলটি। তিনজনই ফেরেন শূন্য রানে।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নাসুম আহমেদ সর্বোচ্চ ২৬ রান করেন। পারভেজ হোসেন ইমন ২২ এবং ইয়াসির আলী ২১ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্মায়েক, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা শাহান দুটি করে উইকেট নেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৬৩ রানের হার নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে পদকশূন্য অবস্থায় ফিরতে হলো বাংলাদেশকে।

