৫ অক্টোবর ২০২৬
সংযুক্ত আরব আমিরাত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালো করেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান তোলার পর শেষ পর্যন্ত ৭৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান রাখেন সৌম্য সরকার। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৫৭ রান করেন তিনি। ওপেনার সাদমান ইসলাম করেন ৯৫ বলে ৪৬ রান।
এ ছাড়া নাঈম হাসান ৩৬, মুমিনুল হক ৩৩ এবং তাইজুল ইসলাম ১৬ রান করেন। দলের অন্য ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। মুশফিকুর রহিম ৪, জাকের আলী ৮, মেহেদী হাসান মিরাজ ৮, ইবাদত হোসেন ৯ এবং খালেদ আহমেদ ১০ রান করেন।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমিরাত একাদশের মাহবুবুল। একাই শিকার করেন ৭টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আমিরাত একাদশ। ২৪ রানের মাথায় লুকমানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইবাদত হোসেন। এরপর আর কোনো উইকেট হারায়নি স্বাগতিক দল।
দিনের খেলা শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে আমিরাত একাদশ। ভরত ১৬ ও আফতাব ৬ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২০০ রান পিছিয়ে আছে তারা।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। খালেদ আহমেদ ৪ ওভারে খরচ করেছেন ১৯ রান।

