সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন ও আনসার সদস্যদের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ছয়টি নৌকার মাঝিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা কোনা ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের রুপনগর, গোলাবাড়ি ও রামসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তার যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৪ জন অঙ্গীভূত আনসার সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য অংশ নেন।
অভিযানকালে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত সাতটি কোনা জাল, যার দৈর্ঘ্য তিন হাজার মিটার, ছয় হাজার মিটার কারেন্ট জাল এবং ছয়টি নৌকা জব্দ করা হয়। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ছয়টি নৌকার মাঝিকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর নৌকাগুলো ছেড়ে দেওয়া হলেও ক্ষতিকর কোনা ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছে।

