অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

পুঠিয়ায় রেল কোয়ার্টারে আগুন, পুড়ল ৫০ মণ রসুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় একটি রেল কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ মণ রসুন পুড়ে নষ্ট হয়েছে। সোমবার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলপুকুর রেলগেট সংলগ্ন একটি রেল কোয়ার্টারে সংরক্ষণ করে রাখা রসুনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় কোয়ার্টারে থাকা নাইটগার্ড বিষয়টি দেখতে পেয়ে রসুনের মালিক মো. সাদ্দাম আলীকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কোয়ার্টারে মজুত করে রাখা বিপুল পরিমাণ রসুন পুড়ে যায়। এতে প্রায় ৫০ মণ রসুন নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. সাদ্দাম আলী, পিতা মৃত নুজরুল আলী, জানান, বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় রেল কর্মকর্তাদের অনুমতি নিয়ে ওই কোয়ার্টারে রসুন সংরক্ষণ করেছিলেন। পুড়ে যাওয়া রসুনগুলো তার আপন ছোট ভাইয়ের বলে জানান তিনি।

সাদ্দাম আলী বলেন, তিনি রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করেন। পারিবারিকভাবে তাদের কিছু বিরোধ রয়েছে। তার দাবি, ওই স্থানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। তাই কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনো দুর্ঘটনা থেকে ঘটেছে, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেলপুকুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ রসুন পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন