অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

লামায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের লামা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন বাদশা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হিল ভিডিপি সদস্য ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

হিল ভিডিপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিল ভিডিপি সদস্য মো. ফরহাদ হোসেন তুতা, মো. নূরনবী ও সেনাবাহিনীর সৈনিক ইয়াসিন মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অবস্থান নেন। পরে হিল ভিডিপি সদস্যরা কৌশলে মাদক ক্রেতা সেজে সন্দেহভাজন দেলোয়ার হোসেন বাদশার কাছে যান। লেনদেনের একপর্যায়ে তাকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা প্রথমে কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত সেনা সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীর মাধ্যমে আটক ব্যক্তিকে উদ্ধার করা মাদকসহ লামা থানায় সোপর্দ করা হয়েছে।

পার্বত্য এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে হিল ভিডিপির এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন