গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা ঢোকানোর চেষ্টা নস্যাৎ করেছে আনসার সদস্যরা। এ ঘটনায় চার পিস ইয়াবাসহ আশরাফুল (২৫) নামে এক ট্রাক হেলপারকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ‘নিউ হোপ ফিড লিমিটেড’ কারখানার প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, ওই সময় কারখানার প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মো. কবির হোসেন। হঠাৎ বাইরে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি প্যাকেট মোড়ানো বস্তু কারখানার ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সেখানে থাকা একটি মালবাহী ট্রাকের হেলপার আশরাফুল প্যাকেটটি কুড়িয়ে নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখেন।
বিষয়টি আনসার সদস্য কবির হোসেন ও পিসি মো. রমজান আলীর নজরে এলে তারা আশরাফুলের গতিবিধি সন্দেহজনক মনে করে তার দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক আশরাফুলকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কারখানার ভেতরে মাদক প্রবেশের চেষ্টা প্রতিহত করায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের প্রশংসা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

