শনিবার, ৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যয়

বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রণালয়ের বাণিজ্য আলোচনা বিষয়ক উপমন্ত্রী হেইজিন কোওন।

বুধবার (১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সহযোগিতাকে আরও বিস্তৃত করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও শিল্প উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অবদানের প্রশংসা করেন তিনি।

২০২৬ সালের আগস্টে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (CEPA) নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়াকে স্বাগত জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে। এ অবস্থায় CEPA কোরিয়ার পাশাপাশি আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে বাংলাদেশের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির প্রস্তাবিত বাংলাদেশ সফরের সময় CEPA আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে।

বৈঠকে বাংলাদেশি পণ্য ও সেবার জন্য দক্ষিণ কোরিয়ার বাজারে আমদানি বাড়ানোর আহ্বান জানান হুমায়ুন কবির। পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন প্রক্রিয়া সহজীকরণ, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তিতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা এবং দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্ব দেন।

এ ছাড়া সরকারি পর্যায়ে (G2G) সহযোগিতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার উপমন্ত্রী হেইজিন কোওন বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানান। CEPA-এর কাঠামোর আওতায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা জানান তিনি।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন