শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জিরানী খালে মরদেহ: ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের, গ্রেপ্তার ১

রাজধানীর খিলগাঁওয়ের জিরানী খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পরবর্তী সময়ে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ জানায়, তার নাম মো. জজ মিয়া (৪৪)।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি গ্যারেজে জজ মিয়াকে হত্যা করা হয়। পরে তার মরদেহ সেখান থেকে সরিয়ে এনে খিলগাঁওয়ের জিরানী খালে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর তদন্তে নেমে প্রযুক্তিগত বিশ্লেষণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার দাবি করে পুলিশ।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাড্ডা থানা এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল্লাহর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে হত্যাকাণ্ডের কারণ, কীভাবে জজ মিয়াকে হত্যা করা হয়েছিল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না—এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন