শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—কক্সবাজার সদর থানার কুরুশকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬), পিতা মো. আবুল কালাম এবং মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮), পিতা আহম্মেদ আলী।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত চেকপোস্ট, যানবাহনে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গ্রেফতারদের দেখানো মতে এবং তাদের নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে পিকআপের চালকের আসনের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো একটি সাদা পলিথিনে মোড়ানো পুটলা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, পুটলাটির ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭.৬৫ মিমি ‘Made in USA’ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পুলিশকে জানিয়েছে, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে ওই মাদক ও আগ্নেয়াস্ত্র বহন করছিল। কুরুশকুল এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এসব মাদক ও অস্ত্র পরিবহন করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, মামুন এসব মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে ইতোমধ্যে বাসযোগে চট্টগ্রাম নগরীতে চলে যায়। তাকে গ্রেফতার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট, তল্লাশি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন