রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে লাকী কুকারিজ নামের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় আসলামকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়।

আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. মনোয়ার হোসেন জানান, রাত ৯টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি লাকী কুকারিজের দোকানে প্রবেশ করে আসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে এবং কপালের ডান পাশে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, আসলাম কুকার ও রাইস কুকারের ব্যবসা করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শাহজাহানপুর গ্রামে। তিনি আলী আকবর খানের ছেলে। বর্তমানে শনির আখড়ার পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক কুকার ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। তবে তার পরিচয় ও গুলি করার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন