শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

স্বামীকে ইট দিয়ে পিটিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্ত্রীর

রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানান।

৯৯৯ সূত্রে জানা যায়, কলার রেহেনা আক্তার জানান, আগের দিন রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ানোর পর ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।

কলটি গ্রহণ করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সবুজবাগ থানাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। সংশ্লিষ্ট থানার সঙ্গে বিষয়টি তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রেহেনা আক্তার এ হত্যাকাণ্ড ঘটান।

খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন