মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকার আত্মসাৎ করেছে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক এক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দিন-রাত কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ দেশের প্রতিটি খাতের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকারের সমালোচনা না করে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে দিন-রাত কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন