অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তায় কখনও অর্থ দাবি করা হচ্ছে, আবার কখনও বিভিন্ন ব্যক্তিগত বা প্রশাসনিক বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এই প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা নাম ব্যবহার করা হয়েছে বলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত আইডি বা মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কেউ যদি এ ধরনের সন্দেহজনক বার্তা পান, তাহলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন