অনুসরণ করুন:
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দুই হাসপাতালে আনসারের অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ৬ সদস্যসহ আটক ৭

ঢাকা, ২১ জুলাই: দেশের দুটি সরকারি হাসপাতালে পৃথক অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ছয় সদস্যসহ মোট সাতজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় চুরি হওয়া নগদ অর্থ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর হাত থেকে একটি স্বর্ণের বালা চুরি হয়। একই সময়ে হাসপাতালের বহির্বিভাগে অপর এক রোগীর ব্যাগ থেকে নগদ টাকা চুরির ঘটনাও ঘটে। বিষয়টি প্রত্যক্ষ করে এক রোগী দায়িত্বরত আনসার সদস্যদের জানালে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক নারীকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোরচক্রের আরও পাঁচ নারী সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ৮ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হলেও স্বর্ণের বালাটি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক ছয়জন হলেন—মনোয়ারা, আফরোজা, মনিকা, রুমি, সীমা ও রহিমা। তারা সবাই জামালপুর জেলার বাসিন্দা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পুলিশের কাছে সোপর্দ করে।

একই দিন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল ফোন চুরির সময় মো. মোজা হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন আনসার সদস্য মো. তৌহিদুল ইসলাম ও মো. রাসেল মিয়া। পরে তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, প্রতারণা ও অন্যান্য অপরাধ প্রতিরোধেও তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংস্থাটি আরও জানায়, সম্প্রতি দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে ৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মেহেরপুর ও বকশীগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো এ নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন