অনুসরণ করুন:
বুধবার, ১০ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত জিমেল (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা। তার বাবা মো. বেলাল উদ্দিন ও মা শাহীন আকতার নাছরিন। পরিবার বর্তমানে চট্টগ্রাম নগরের ডিওএইচএস এলাকায় বসবাস করে।

জানা গেছে, সকালে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন জিমেল। বিকেলে তারা কাপ্তাই হ্রদের বালুচর এলাকায় নৌকাভ্রমণে যান। একপর্যায়ে চার বন্ধু হ্রদে গোসল করতে নামলে জিমেল পানিতে তলিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর হ্রদের পানির নিচ থেকে জিমেলের মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, বিকেলে একজন যুবক হ্রদে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন