অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

কনফেকশনারির আড়ালে মাদক ব্যবসা, রংপুরে ডিবির অভিযানে কুখ্যাত কারবারি আটক

রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কনফেকশনারি ও চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে তার দোকান থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ মে রাত ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল তাজহাট থানাধীন কেডিসি রোড এলাকায় অবস্থিত “আশিক স্টোর” নামের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দোকান থেকে ২০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন মিঠু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মনোয়ার হোসেন মিঠু রংপুর মহানগরীর তাজহাট থানার সুলতাননগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, “আশিক স্টোর” নামের কনফেকশনারি ও চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল মনোয়ার। এর আগেও মহানগর গোয়েন্দা বিভাগ একাধিকবার তাকে মাদকসহ আটক করে আইনের আওতায় নিয়ে আসে। সর্বশেষ গত ডিসেম্বরেও তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে সে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দোকানটি রেলওয়ের জায়গা লিজ নিয়ে পরিচালিত হচ্ছিল। সরকারি জায়গা ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে তার লিজ বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। বৈধ ব্যবসার আড়ালে যারা মাদক কারবার পরিচালনা করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।”

তিনি আরও বলেন, মহানগরীর প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতিও আহ্বান জানান তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন