বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ১৭৪

দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত ছয় দিনে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ১৭৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার নৌ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় দিনের অভিযানে মোট ২ কোটি ২৬ লাখ ৪ হাজার ২৫০ মিটার অবৈধ জাল, ২ হাজার ২৭১ কেজি মাছ এবং ২ লাখ ৮৩ হাজার চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ১৪৬টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়, যা মাছের স্বাভাবিক চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা তৈরি করছিল।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৫৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।

নৌ পুলিশের তথ্যমতে, অভিযানের সময় ৩৬টি মৎস্য আইন, ২৩টি বেপরোয়া গতি, একটি বালুমহাল এবং একটি মাদক মামলাসহ মোট ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থান থেকে পাঁচটি মরদেহও উদ্ধার করা হয়েছে।

জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধার করা চিংড়ির রেণু পানিতে অবমুক্ত করা হয়েছে এবং জব্দ মাছের অবশিষ্ট অংশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন