রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ আল আমিন (২৪), রাসেল শেখ (২৩) এবং মো. হাসান (৩১)।
সিটিটিসি সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম পল্টন থানাধীন স্টেডিয়ামের ৩ নম্বর গেটসংলগ্ন ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সূত্রঃ ডিএমপি

