বুধবার, ৬ মে ২০২৬

রূপগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই, ওসিসহ আহত ৬; গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনায় হামলার মুখে পড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অস্ত্র মামলার পলাতক আসামি শামীম মিয়া (৪২)কে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। একপর্যায়ে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে চাকার বাতাস ছেড়ে দেওয়া হয়। এ সময় একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হাতকড়াসহ শামীম মিয়াকে জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন, উপপরিদর্শক রৌশন আলী, সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন এবং কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গোলাম কিবরিয়া, দাদন মিয়া, ইমরান হোসেন, সাব্বির হোসেন, ইউনুস আলী, ইউসুফ মিয়া, সুমন মিয়া, শফিকুল ইসলাম, আজগর আলী, রুহুল আমীন ও আফছার উদ্দিন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদের ক্ষতির অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন