পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শার্ট বহাল রেখে প্যান্টের রং খাকি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান পুলিশ ইউনিফর্ম নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে সন্তুষ্টি ছিল না এবং এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যও হয়নি। “আমরা দেখেছি এই পোশাকটা মানানসই নয়। পুলিশ বাহিনীর পক্ষ থেকেও পরিবর্তনের অনুরোধ ছিল,” বলেন তিনি।
তিনি জানান, ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য একটি ইউনিফর্ম নির্ধারণের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতোই শার্ট থাকবে, তবে প্যান্ট বা নিচের অংশ খাকি রঙের করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ কাপড় উৎপাদন ও প্রস্তুতির বিষয় রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।

