চীন ও ভারত থেকে আমদানিকৃত মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই জ্বালানি দিয়ে দেশের বর্তমান দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদা অনুযায়ী প্রায় চার দিনের প্রয়োজন মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ নামের জাহাজটি ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। অপরদিকে, শনিবার ভোরে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে ভিড়েছে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ডলফিন জেটিতে বর্তমানে দুইটি জাহাজ অবস্থান করছে এবং বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে আরও দুটি। একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম চলমান রয়েছে। নতুন দুটি জাহাজ আসায় বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা বেড়ে সাতটিতে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই চালান দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

