রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম দীন ইসলাম। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবারসহ থাকত এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।
রাফির দাবি, রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে এ হামলা হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

