পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (Médecins Sans Frontières—MSF)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. জাভিদ আবদেলমোনেইম।
বৈঠকে এমএসএফ প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিচালিত তাদের চিকিৎসা ও মানবিক কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করে।
প্রতিনিধিদল জানায়, রোহিঙ্গা ক্যাম্পে এমএসএফ বহির্বিভাগ ও জরুরি চিকিৎসাসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) সংক্রান্ত সেবা, মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজননস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর কাছেও পৌঁছাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য এমএসএফের চিকিৎসা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই এ দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মানবিক সহায়তার এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক ও স্বাস্থ্যসেবা এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

