অনুসরণ করুন:
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক

ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে সংঘটিত চুরির চেষ্টা ব্যর্থ করে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ডিউটিরত সদস্যদের সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত এবং সমন্বিত অভিযানের ফলে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু বক্কর এবং সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. শহিদ খানের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহ আলম ও মো. রাশেদ মিয়া নিয়মিত নিরাপত্তা টহলে ছিলেন। এ সময় তারা ব্যাংক ভবনের এসির বৈদ্যুতিক তার কাটার শব্দ এবং সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সঙ্গে সঙ্গে ক্যাম্পে খবর পাঠানো হয়। সংবাদ পেয়ে অতিরিক্ত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে কৌশলগত অভিযান পরিচালনা করেন। অভিযানে চুরিকৃত মালামালসহ মো. রাকিব মন্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটক রাকিব মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপ না থাকলে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। তাদের দ্রুত ও কার্যকর অভিযানের ফলেই চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে এবং ব্যাংকের সম্পদ নিরাপদ রাখা সম্ভব হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা, জনসম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফরিদপুরের এ ঘটনায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও সাহসিকতা আবারও প্রমাণ করেছে যে, জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সর্বদা নির্ভরযোগ্য ও কার্যকর ভূমিকা পালন করে চলেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন