চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হয়ে অর্ধডুবন্ত অবস্থায় ভাসতে থাকা একটি পাথরবোঝাই বাল্কহেড থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টা ১১ মিনিটে রনি নামে এক শ্রমিক ৯৯৯-এ ফোন করে জানান, তারা চারজন একটি পাথরবোঝাই ইঞ্জিনচালিত বাল্কহেডে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সন্দ্বীপ অতিক্রম করার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডে পানি প্রবেশ করতে শুরু করে। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে নৌযানটি অর্ধডুবন্ত অবস্থায় গভীর সাগরে ভাসতে থাকে।
ফোনকল পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়ন্ত্রণ কক্ষে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ময়না এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট কোস্ট গার্ড স্টেশনের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই মীর মাজহারুল ইসলাম।
খবর পেয়ে সন্দ্বীপ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে সন্দ্বীপ থেকে প্রায় ৯ দশমিক ২৬ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরের গভীর সমুদ্র এলাকা থেকে চার শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধার অভিযান চলাকালেই পাথরবোঝাই বাল্কহেডটি সম্পূর্ণভাবে সাগরে নিমজ্জিত হয়।
সন্দ্বীপ কোস্ট গার্ড স্টেশনের পেটি অফিসার নজরুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতার মাধ্যমে মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে।

