অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক

ঢাকা, ২২ জুলাই: রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের দ্রুত চিকিৎসাসেবার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করার সময় দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন হাসপাতালে টহলরত আনসার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আনসার সূত্র জানায়, টহল ডিউটিরত প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান এক ব্যক্তিকে রোগী ও তাদের স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

আটক ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৯)। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী ও তাদের স্বজনদের দালালচক্রের প্রতারণা, আর্থিক শোষণ ও হয়রানি থেকে সুরক্ষা দিতে তাদের সদস্যরা নিয়মিত টহল, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এ ধরনের অভিযান হাসপাতালের সেবার পরিবেশকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন