রংপুর মহানগরীতে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১ জুন) তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের মুকুন্দ রায়ের ছেলে ভূপতি কুমার রায় (২৫) এবং একই জেলার কালীগঞ্জ উপজেলার গোরন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম আবির (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীতে সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মেট্রো ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত দুই যুবক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা এবং এ সংক্রান্ত আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। এসব সিম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
আরপিএমপি জানিয়েছে, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

