রবিবার, ১৭ মে ২০২৬

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা, এলএনজি আমদানিতে নতুন সম্ভাবনা

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যে এই চুক্তিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন ভিত্তি তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি উৎস বহুমুখীকরণ, সরবরাহ ব্যবস্থা আরও টেকসই করা এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংগ্রহের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

চুক্তির আওতায় তেল, প্রাকৃতিক গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে গবেষণা, প্রযুক্তিগত সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সরবরাহ ঝুঁকি বাংলাদেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের মতো বড় জ্বালানি রপ্তানিকারক দেশের সঙ্গে সহযোগিতা বাংলাদেশের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, এ সমঝোতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন